ঢাকার দোহার উপজেলায় মনোরম পরিবেশ ও মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে ‘ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট’ নামে একটি অত্যাধুনিক রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের বরকত প্লাজার অষ্টম তলায় দোয়া মোনাজাতের মাধ্যমে জাঁকজমকপূর্ণ আয়োজনে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধক ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।
রেস্টুরেন্টের মালিক সবুজ শিকদার বলেন, দোহারবাসীর জন্য মানসম্মত খাবার, আধুনিক পরিবেশ ও উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। আশা করি, সবাই এখানে পরিবার ও প্রিয়জনদের নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে খাবারের মান ও সেবার পরিধি আরও উন্নত করা হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা রেস্টুরেন্টটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর আধুনিক সাজসজ্জা ও পরিবেশের প্রশংসা করেন।
উদ্বোধন শেষে অতিথি ও আমন্ত্রিতদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। নতুন এই রুফটপ রেস্টুরেন্টটি দোহারবাসীর বিনোদন ও খাবারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
