নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় মারুফ নামে নয় বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
নিহত মারুফ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চার রশি গ্রামের মো.জুয়েলের ছেলে। মারুফ তার মায়ের সাথে দোহারের জয়পাড়া বড় মাঠ এলাকায় লিয়াকত আলী খানের বাড়িতে ভাড়া থাকতো। সে দোহারের জামালচর জামিউল ঊলূম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শিশু মারুফের মা মরিয়ম আক্তার জানান, শুক্রবার (২৮ জুন) জুম্মার নামাজের পর তিনি কাজে থেকে বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ পেয়ে তার ছেলেকে ডাকাডাকি করেন। ছেলে মারুফের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আরার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলছে মারুফ। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনার পর খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
