সিংগাইরে আনন্দ টিভি প্রতিনিধিসহ ২ জনের নামে চাঁদাবাজির মামলা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আনন্দ টিভি প্রতিনিধি মোশারফ মোল্লাসহ ২ জনের নামে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত পরশ আলীর পুত্র এনামুল হক বাদী হয়ে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আদালতে এ মামলাটি দায়ের করেন। শুনানী শেষে আদালত সিংগাইর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবি অসীম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,  গত ১৮ এপ্রিল দুপুরে বাদী এনামুল পুকুর খনন করতে যায়। এ সময় তার কাছে উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত লেহাজ উদ্দিনের পুত্র আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা (৪৫) ও  জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত হাবিজ উদ্দিনের পুত্র জেটিভির (আইপি) প্রতিনিধি আব্দুল গফুর (৩৫) পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। এনামুল চাঁদা দিতে অস্বীকার করলে ১ নং আসামী মোশারফ তার গলায় ছোঁড়া ঠেকিয়ে হাতে থাকা ব্যাগ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন। সেই সাথে ৭ দিনের সময় বেধে দিয়ে আরো ৪ লাখ টাকা দাবী করে আসামীদ্বয়।
 মামলার বাদী এনামুল হক অভিযোগ করে বলেন, আমি একজন চানাচুর ও মৎস ব্যবসায়ী আসামীরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবী করে। আমি প্রথমে থানায় অভিযোগ করি। থানা পুলিশ অভিযোগ না নিলে আদালতের আশ্রয় নেই।
মামলার ১নং আসামী মোশারফ হোসেন মোল্লা বলেন, মামলা হয়েছে শুনেছি তবে চাদাঁ নেয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। অপরদিকে জেটিভির আব্দুল গফুর বলেন, চাঁদাবাজীর মামলাটি মিথ্যা ও বানোয়াট।
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, এখনও মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *