সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: নির্বাচনী জনসভার অভিযোগে পুনর্মিলনী,বই বিতরণ ও পুরুস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন প্রশাসন। সোমবার(১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় মোস্তফা দেলোয়ারা উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.মোস্তফা মিয়া বলেন,অনুষ্ঠান চলাকালীন সময়ে পুলিশ ও প্রশাসনের লোকজন এসে কোন অজুহাত ছাড়াই অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিরা মাত্র ১০ মিনিটের মধ্যেই সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এতে তারা হতাশা হয়ে পড়ে। একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান,কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ও প্রশাসনের ঘোষণায় আমরা অনুষ্ঠান থেকে চলে আসি।
এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোল্লার সাথে মুঠো একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল)আব্দুল্লাহ আল ইমরান বলেন,পুনর্মিলনী ও বই বিতরণের অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী জনসভার অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেই। তবে কোন প্রার্থী বা সমর্থককে অনুষ্ঠানস্থলে পাইনি।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি)আব্দুল কাইয়ুম খান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ও রাজনৈতিক সমাবেশের অভিযোগ থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।
