দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 আব্দুল রাহিম:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কে কোন মার্কার প্রার্থী, কে কোন মার্কা নিয়ে ভোট করছেন, ভুলে যেতে হবে। মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এক্ষেত্রে আইনি দায়িত্বের ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় আসবে। আমি বিবেচনা করবো না, সে আমার প্রিজাইডিং অফিসার নাকি আমার ম্যাজিস্ট্রেট। যেই দায়িত্বে অবহেলা করবেন, তার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না। মনে রাখবেন, আপনাদের সাথে আমি আছি, আমার ম্যাজিস্ট্রেটবৃন্দ আছেন, আনসার, পুলিশ, সেনাবাহিনী আছে, ভয় পাবেন না। মনে রাখবেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল, এই নির্বাচনটিকে আমরা বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কোনো অবস্থাতেই আপনার উপর অর্পিত দায়িত্ব পালন হতে পিছপা হবেন না। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য অর্জন করেই আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করবো।
জেলা প্রশাসক আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এসময় তিনি প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশনা দেন।
আয়োজিত কর্মশালায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুল আলম, ঢাকা অঞ্চল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন খানঁ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ।
কর্মশালার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানের সঞ্চালনা করেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রেজাইল ইসলাম ও দোহার উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো.তাসিনুর রহমান। কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *