কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরাণীগঞ্জে অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল কেরানীগঞ্জের ভ্রাম্যমাণ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটি আই কর্মকর্তার উপস্থিতিতে অনুমোদনহীন নকল ঢেউ টিন তৈরি, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৫০,৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। এদের মধ্যে সোমা এন্টারপ্রাইজকে নগদ ২লক্ষ টাকা, শহিদ কেমিক্যাল কোংকে নগদ ৫০ হাজারটাকা, মদিনা ফাইবার গ্লাস’কে নগদ ২লক্ষ টাকা, নিউ বিসমিল্লাহ ফাইবার গ্লাসকে নগদ- ৩ লক্ষ টাকা, সততা ফাইবার গ্লাসকে নগদ- ৩ লক্ষ টাকা, ই.এন.এস. এন্টারপ্রাইজকে নগদ ৫ লক্ষ টাকা, মরিয়ম ক্যাবলসকে নগদ- ৩ লক্ষটাকা, দীন টিন ইন্ডাস্ট্রিজকে নগদ- ১০ লক্ষ টাকা, আলফা বলপেন ইন্ডাস্ট্রিজকে নগদ- ৮লক্ষ টাকা, রমজান প্লাস্টিককে নগদ- ১০ লক্ষ টাকা ও ডায়সিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে নগদ- ৪ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করতঃ ধ্বংস করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
