নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটিয়া গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১১,১০,০০০ (এগারো লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৩৭ কেজি গাঁজাসহ মো. সোহাগ মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়া একই দিন দোহার নুরপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০,০০০ (ষাট হাজার) টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ মো. বাচ্চু (৩৭) নামে অপর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
