সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাওলানা মো. ইসমাইল হোসাইন (৪৭) নামের এক মসজিদের ঈমাম ও খতিবের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আরাব আলীর ছেলে। তিনি পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদে ঈমাম ও খতিব ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা ইসমাইল হোসাইন দুপুরে গোসল করার জন্য পানির মোটরে সুইচ দেয়। এতে মোটর চালু না হওয়ায় ওই মোটরে হাত দিলে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।
