কেরানীগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি ইমন মোল্লা ওরফে পাইটু (২১) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র‍্যাব-১০ মিডিয়া সেল এই তথ্যটি নিশ্চিত করেছেন। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভিকটিম (১৮) তার ছোট ভাইকে ঈদের কাপড় দেওয়ার জন্য তার মায়ের বাসা ইকুরিয়ায় আসে। সেখানে গেলে তার পূর্ব পরিচিত মোঃ সোহাগ মিয়া (২৩) ভিকটিমকে তেঘরিয়া স্ট্যান্ডে তার সাথে দেখা করার জন্য যেতে বলে। ভিকটিম সেখানে গেলে সোহাগ তাকে নিয়ে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ কেরণীগঞ্জ এলাকাস্থ একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার প্রধান সহযোগী ইমন মোল্লা ওরফে পাইটু (২১)সহ অন্যান্য অজ্ঞাতনামা আরো ৩ জন সহযোগী মিলে ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে বাদি হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় মোঃ সোহাগ মিয়া (২৩) ও ইমন মোল্লা ওরফে পাইটু (২১)সহ অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা ওরফে পাইটু (২১)’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও গ্রেফতার অভিযান অব্যবহত রেখেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *