কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ১৮ লক্ষ টাকা মূল্যের হেরোইন ও ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ স্বপন মিয়া (২৭),মো: রাজু আহমেদ (৩৫), মোঃ আলী হোসেন (৩২),মোঃ মোশারফ (৩৭), মোঃ রানা( ৩৬)ও মোঃ সোহেল (৩৭)। র্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১০ এর একটি অভিযানীর দল রোববার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার বড় মনোহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ লক্ষ টাকার হিরোইন সহ মোঃ স্বপন মিয়া, মোঃ রাজু আহম্মেদ, মোঃ আলিফ হোসেন ও মোঃ মোশারফকে গ্রেফতার করে।
এছাড়া র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল একই রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেনসিডিলসহ মোঃ রানা ও মোঃ সোহেল গ্রেফতার করে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
