কেরানীগঞ্জে মাদককে কেন্দ্র করে বন্ধুকে গলা কেটে হত্যা: আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি  :ঢাকার কেরানীগঞ্জে মাদককে কেন্দ্র করে বন্ধুকে গলা কেটে হত্যা করেছে অপর দুই বন্ধু । এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. মাসুম (৩৫)। আটককৃতরা হচ্ছে জহরুল ইসলাম অপু (৩৪)ও নোয়াই রাসেল (৩৫)। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়ার কানাপট্টি এলাকায় আজ বুধবার সকালে।

নিহত মাসুম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার নূর মোহাম্মদ মিয়ার পুত্র। মাসুম দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া সাত পাখির কানাপট্টি এলাকায় জৈনক লোকমানের বাড়িতে ভাড়া থাকতো। সে একটি ডকইয়ার্ডে জাহাজ তৈরির শ্রমিকের কাজ করতো।

নিহত মাসুমের মামাতো ভাই মন্টু বলেন, মাদকদ্রব্য কে কেন্দ্র করে তার মামাতো ভাই নিহত মাসুমের সাথে অপু ও নোয়াই রাসেলের ঝগড়া হয়।

এই ঝগড়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আজ বুধবার সকালে অপু ও নোয়াই রাসেল তার মামাতো ভাই মাসুমের ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে।

এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে তাদের দুজনকে ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *