কেরানীগঞ্জের আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জের আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলামের নেতৃত্বে রোববার (১৬ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটি বাজারের কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয় এবং ফুটপাতের অবৈধ অর্ধশতাধিক দোকান-পাট, অবৈধ সিএনজি অটোরিক্সা ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে রাস্তায় বাস পার্কিং করায় বাসের চালককে জরিমানা করা হয়। এছাড়া আটি বাজার এলাকায় যত্রতত্র রাস্তায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন না রাখার জন্য সতর্কতা জারি করা হয়।

এই উচ্ছেদ অভিযানের সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন স্থানীয় শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানুনগো মো. আতাউর রহমান, সার্ভেয়ার মো. মিরাজ হোসেন, মিসকেস সহকারী মো. সাহাবুদ্দিন সিহাব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *