নবাবগঞ্জে ধর্ষণ চেষ্টাকারীসহ গ্রাম্য মাতব্বর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে কান্তারটেক গ্রামে বুধবার (১৫ জানুয়ারি) রাতে মেয়েকে ধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে রোববার (১৯ জানুয়ারি) রাতে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন (৩০) ও গ্রাম্য মাতব্বর সিদ্দিককে (৫৭) পুলিশ রোববার (১৯ জানুয়ারি) রাতেই আটক করে এবং সোমবার (২০ জানুয়ারি) আদালতে পাঠায়। এছাড়া সালিশিতে উপস্থিত আরও ৪ জনের বিরুদ্ধে মামলা হয় বলে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাদেকুজ্জামান স্বীকার করেন। উল্লেখ্য, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ওহাব মাদবরের সভাপতিত্বে শনিবার (১৮ জানুয়ারি) বিকালে সালিশি বৈঠক বসে। এ সময় ১০-১৫ জন মাতব্বর গ্রাম্যসালিশে বসে দুই ধর্ষণ চেষ্টাকারীকে ১০ হাজার টাকা জরিমানা করে ও ১০টি করে জুতা পেটা রায় দিয়ে বিচার সমাপ্ত করেন। এ সময় এলাকার কয়েকশ’ লোক উপস্থিত ছিল বলে স্থানীয়রা জানান। নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, এঘটনায় রবিবার রাতে থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। মামলাটি অধিকতর তদন্ত করা হবে। সংশ্লিষ্টদের সবাইকে গ্রেফতার করা হবে। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশকে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *