নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপি সনাতন ধর্মীয় অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।
শুক্রবার সুর্যোদয়ে আগে শুরু হয় অষ্টকালীন লীলা কীর্তন, চলে শনিবার সুর্যোদয়ের আগ পর্যন্ত। পাশাপাশি প্রায় ১৫ হাজার ভক্ত, শ্রোতা ও পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শনি ও রবিবার রাতে অনুষ্ঠিত হবে কবিগান।
কিরঞ্চি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে গ্রামবাসী এর আয়োজন করেন। এছাড়া উৎসব অঙ্গনের চারপাশে প্রতিষ্ঠিত ১০৮টি প্রতিমা তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাম চন্দ্রের লীলা প্রদর্শন করা হয়। তা উপভোগ করতে নবাবগঞ্জ, দোহার, কেরাণীগঞ্জ, মানিকগঞ্জ জেলার ভক্ত, পূণ্যার্থীদের আগমন ঘটে। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পাশেই বসে বিশাল গ্রাম্যমেলা। তাও ছিল উৎসবমুখর।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কিরঞ্চির বাসিন্দা নিতাই চাঁদ তালুকদার (এফসিএ) জানান, শুক্রবার উৎসব অঙ্গনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান সিকদার প্রমুখ।
