নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে মলমপার্টির এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে হুমায়ুন কবির নামে মলমপার্টির সদস্যকে আটক করে উপজেলার চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ।
আটককৃত হুমায়ুন কবির কুমিল্লার কচুয়া উপজেলার কালুরচর গ্রামের চান মিয়া ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মামুন মন্ডল জানান, মঙ্গলবার রাতে তিনি ওমান থেকে বাংলাদেশে এসেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভাই রজ্জব মন্ডল নিয়ে গুলিস্তান থেকে যমুনা পরিবহনের পৃথক দুইটি সিটে বসে দোহারের মৈনটঘাটের উদ্দেশ্যে রওনা হন। সেখানে থেকে তারা ফরিদপুরের চরভদ্রাশন যাচ্ছিলেন। বাসে মলম পার্টির সদস্যরা প্রত্যক্ষদর্শীর (মামুন মন্ডল) ভাই রজ্জব মন্ডলকে অজ্ঞান করে তার ব্যবহৃত মোবাইল ও হাতে থাকা স্বর্ণের আংটি নিয়ে যায়।
বাসটি মৈনটঘাটে পৌছালে বাসের যাত্রীরা রজ্জব মন্ডলকে অচেতন অবস্থায় দেখতে পায়। এসময় মলম পার্টির সদস্য হুমায়ুন কবির দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। তবে তার সঙ্গে থাকা মলম পার্টির আরও ৪ সদস্য পালিয়ে গেছে বলে জানান আটকৃত মলমপার্টির সদস্য হুমায়ূন কবির।
অচেতন অবস্থায় রজ্জব মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলায় প্রক্রিয়াধীন বলে জানান চর মাহমুদপুর ফাড়ির পুলিশ ইনচার্জ সুজন বিশ্বাস।
