‘চিরকুমার কোচ’ আলমগীর ওস্তাদ আর নেই

স্পোর্টস ডেস্ক : সৈয়দ মো. আলমগীর- দেশের ফুটবলের তৃণমুলের খোঁজখবর যারা রাখেন তাদের কাছে নামটি খুবই পরিচিত। কোচিংয়ে কোনো লাইসেন্স না থাকলেও যুগের পর যুগ তিনি বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

বিশেষ করে তৃণমূলে খেলোয়াড় তৈরিতে তার খ্যাতি ছিল অনেক। অনেকের কাছে ওস্তাব আলমগীর নামে পরিচিত ছিলেন। সেই কোচ গেন্ডারিয়ার মিলব্রাকে নিজ বাসভবনে রোববার ইন্তেকাল করেছেন ৭০ বছর বয়সে।

কেবল তৃণমুলে ফুটবলার তৈরির কাজেই তার পরিচিত ছিল না। একসাথে দুই ক্লাবের দায়িত্ব পালনের নজিরও সৃষ্টি করেছিলেন তিনি। ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সাধারণ বীমা ও ওয়ান্ডারার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন। দুই দলের ম্যাচে তিনি কোনো ডাগআউটে থাকতেন না। ম্যাচ চালাতেন তার দুই দলের দুই সহকারী।

প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় তিনি আর কাউকে জীবনসঙ্গিনী করেননি। চিরকুমার জীবনই কাটিয়ে গেছেন ভারতের কলকাতার খিদিরপুরে জন্ম নেয়া এ ফুটবল কোচ।

তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *