নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের খতিয়া মৌজার ২৫ শতাংশ জমি খরিদ করার পর তা জবর দখলের চেষ্টা ও জমির মালিক আক্তার হোসেন গংদের কাছে চাঁদা দাবী করায় স্থানীয় নগেন মন্ডল গংদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আক্তার হোসেন। শুক্রবার বেলা ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে পাঠ করে তিনি এ অভিযোগ করেন।
আক্তার হোসেন লিখিত বক্তব্যে বলেন, খতিয়া মৌজাস্থিত আরএস ৬৯৬ খতিয়ানে সুদ্ধরুপে সুধন্য মন্ডলের নাম রেকর্ডভুক্ত রয়েছে। তার মৃত্যুর পর ওয়ারিশগণদের কাছ থেকে দানপত্র দলিলমূলে পাওয়া আমি ও দিলিপ মন্ডল কাগজপত্র মিল দেখে ২৫ শতাংশ জমি খরিদ করি।
আক্তার হোসেন বলেন, এর পর থেকে স্থানীয় নগেন্দ্র মন্ডল ও মতিয়ার ষড়যন্ত্র করে নরেশ মন্ডল গংদের ওয়ারিশ সাজিয়ে তাদের কাছ থেকে আম-মোক্তার দলিল করে নিয়ে আমার জমি জবর দখলের চেষ্টা করছে। কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। কোথাও তারা জমির মালিক দেখাতে পারেনি। ভূমিদস্যু ও দালাল চক্র নগেন্দ্র গংরা আমার কাছে চাঁদা দাবী করছে বলে তিনি বক্তব্যে বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের লিখনির মাধ্যমে সমাজের এই দুষ্ট লোকদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবী জানাচ্ছি।
