এবার পুরো পূজাজুড়ে থাকছে বৃষ্টি

ষষ্ঠীপূজার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

২৬ অক্টোবর দশমীর মাধ্যমে পূজার বিসর্জন হবে। এর মধ্যে ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর অষ্টমী, ২৫ অক্টোবর নবমী।

আবহাওয়া অফিস বলছে, এবার পুরো পূজাজুড়ে থাকছে বৃষ্টি। এর মধ্যে আজ ষষ্ঠী ও কাল সপ্তমীতে দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, যা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে বেশি ও উত্তরাঞ্চলে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকালে ভারী বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপের কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বা দুইদিনের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভীন জাগো নিউজকে বলেন, ‘দুর্গাপূজায় প্রচুর বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং হবে। এই বৃষ্টি কাল ও পরশুও থাকবে। তারপর আস্তে আস্তে চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘আজকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে তত বৃষ্টি হবে না, তবে হালকা হবে। মূলত বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলে। পুরো বাংলাদেশেই বৃষ্টি হবে, তবে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একটু বেশি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *