আইপিএলে সুযোগ মেলেনি, ক্রিকেটারের আত্মহত্যা

ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের এখন একটাই আশা, আইপিএলে খেলা। জাতীয় দলের হয়ে খেলার চেয়ে এখন আইপিএলই টানে সবচেয়ে বেশি তরুণ ক্রিকেটারদের। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন বুনতে থাকে তারা। কারও স্বপ্ন পূরণ হয় খুব দ্রুত, কারও হয় একটু বিলম্বে, আবার কারো হয়ই না।

কিন্তু বয়স যখন খুবই কম, একেবারে তরুণ, তখন আইপিএলে ডাক না পেয়ে নিজের প্রাণটাই বিসর্জন দিতে হবে, এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়fটা খুবই দুঃখজনক। ভারতের মুম্বাইয়ের এক তরুণ ক্রিকেটার সেই দুঃখজনক ঘটনাটিই ঘটিয়ে বসলেন।

আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি তাকে ডাকেনি। এমনকি আরব আমিরাতে নেয়ার জন্য যে সব নেট বোলারকে ডাকা হয়েছে, সেখানেও ঠাঁই পাননি সেই তরুণ। শেষ পর্যন্ত রাগে, ক্ষোভে-দুঃখে নিজের জীবনটাই দিয়ে দিলেন। আত্মহত্যা করলেন করন তিওয়ারি।

মূলতঃ আইপিএলের দিন এগিয়ে এলেও কোনও দলে তার জায়গা হয়নি। যে কারণে ক্রমশ হতাশা গ্রাস করে করন তিওয়ারিকে। এরপরই চূড়ান্ত পরিণতি। গত সোমবার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন করন। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ২৭ বছর বয়সী ডানহাতি পেসার করণ ঘনিষ্ঠমহলে ভীষণ জনপ্রিয় ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে ধারাবাহিকভাবে বোলিং করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের মালাদ অঞ্চলের কুরার এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন করন। তবে কয়েকদিন আগেই রাজস্থানে এক বন্ধুকে ফোন করে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন। এরপরেই অবস্থা বেগতিক দেখে রাজস্থানে করনের বোনকে পুরো ঘটনাটি জানায় সেই বন্ধু।

সেখান থেকেই জানতে পারেন করনের মা; কিন্তু তখন সব শেষ। সোমবার রাত সাড়ে দশটায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন করন। এরপর তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ভাল দলে সুযোগ খুঁজছিলেন করন; কিন্তু মুম্বইয়ের হয়ে পেশাদার ক্রিকেটে খেলার সুযোগ মেলেনি তার। এর মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *