৭ মে পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি : নতুন সময় অনুযায়ী আগামী ৭ মে পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (২৭ এপ্রিল) বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বর্ধিত করা হলো। 

এই নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বর্ধিত করা হলো।

তবে এই সময়ে কার্গো, ত্রাণসাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

করোনাভাইরাসের কারণে ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *