নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়াইশ মুক্তিযোদ্ধার মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর। সোমবার বেলা ১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চাল, ডাল, তেল, লবন খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেয়া হয়।
এ সময় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিএনসিসি সদর দপ্তরসহ সারাদেশে বিএনসিসির ৫টি রেজিমেন্ট ছাড়াও প্রায় ৩৫০টি প্লাটুন (শিক্ষা প্রতিষ্ঠানের) মাধ্যমে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে নিম্ন আয়ের মানুষ ও লকডাউনে আটকেপড়া মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলছে। এ কার্যক্রমের আওতায় দোহার ও নবাবগঞ্জের মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়। এ পর্যন্ত বিএনসিসি এর পক্ষ থেকে দেশব্যাপী প্রায় দশ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবু বকর সিদ্দিক, সদর ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
