হাইকোর্টে জামিন, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা  মো. মাহবুবুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এর ফলে জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, মাহবুবুর রহমান ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। পরে তাকে পর্যায়ক্রমে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে শ্যোন অ্যারেস্ট না দেখাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সোমবারের এই মামলাসহ ৯ মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইল না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিজয় দিবসে দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *