সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থেকে ২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল দক্ষিণ পাড়ার রাজুর বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় । শুক্রবার (১৭ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি ইনচার্জ আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলো গোবিন্দল দক্ষিন পাড়ার শেখ আব্বাস উদ্দিন ওরফে কালু শেখের ছেলে মিলন শেখ (৪০) ও একই গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে আরিফুল ইসলাম (৪৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল সিংগাইর থেকে চারিগ্রামের রাস্তায় অভিযান চালিয়ে গোবিন্দল দক্ষিণপাড়ার রাজুর বাড়ির সামনে থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ আসামিদ্বদের গ্রেফতার করে।
জেলা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে সিংগাইর থানায় ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন।
