সিংগাইরে সাংবাদিককে হুমকিদাতা ইউপি মেম্বারকে তলব

মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ভোরের কাগজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি মাসুম বাদশাহকে হুমকিদাতা ইউপি মেম্বার মিজানুর রহমানের কাছে ব্যাখ্যা তলব করেছেন উপজেলা নির্বাহী অফিসার। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ব্যাখ্যা তলবের বিষয়টি নিশ্চিত করে ইউএনও দিপন দেবনাথ বলেন, আগামী ৭ কর্ম দিবসের মধ্যে ওই মেম্বারকে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান ধল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ও ধল্লা-লক্ষীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন ওরফে গাদুর ছেলে।

জানা গেছে, গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজ পত্রিকার লাইভ ও প্রিন্ট ভার্সনে “ ফোনালাপ ফাঁস , মুক্তিযোদ্ধার সনদ বানানোর কথা বলে যুব মহিলালীগ নেত্রীর অর্থ বানিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে অভিযুক্ত নেত্রী সালেহা জাহানের ছোট ভাই মিজান মেম্বার সাংবাদিক মাসুম বাদশাহকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ওই সাংবাদিক সিংগাইর থানায় জিডি করেন। জিডির সত্যতা পেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এদিকে, গত ৯ নভেম্বর সাংবাদিক মাসুম বাদশাহর দায়ের করা আরেকটি আবেদনের প্রেক্ষিতে ওই মেম্বারকে ব্যাখ্যা তলব করেন উপজেলা নির্বাহী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *