সিংগাইরে গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা, শিশু অগ্নিদগ্ধ

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া প্রেমের জের ধরে পুতুল (২৪) নামের এক গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। সোমবার (৪ মে) ভোর রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খান পাড়া গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ বছরের শিশু কন্যা আনহা ও পাশের বাসার এক নারী ওই আগুনে দগ্ধ হয়েছে বলে জানা গেছে। নিহত পুতুল (২৪) বরিশাল ভোলার মোহাম্মদ আলীর মেয়ে ও একই এলাকার মো. সুমনের স্ত্রী।

এলাকাবাসি ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পুতুল স্বামী সন্তান নিয়ে তারা ঢাকাস্থ কল্যাণপুর পোড়াবস্তিতে বসবাস করতেন। সেখানে থাকা অবস্থায় পাশের বাসার গাড়ির ড্রাইভার পিন্টুর সাথে পুতুলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ নিয়ে পিন্টু ও পুতুলের পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে সুমন তার পরিবার নিয়ে ২ মাস আগে ফোর্ডনগর খান পাড়া বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। সেখানেও পিন্টু পুতুলকে উত্যক্ত করতে থাকে। এতে গৃহবধূ পুতুল অতিষ্ট হয়ে রবিবার(৪ মে) দিবাগত গভীর রাতে তার শয়ন কক্ষে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার শিশু কন্যা আনহা ও অগ্নিদগ্ধ হয়। পাশের বাসার রহিমা আক্তার আগুন নিভাতে গেলে, তার আঙ্গুল আগুনে ঝঁলসে যায়।

অগ্নিদগ্ধ অবস্থায় মা ও শিশু সন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে পুতুলের মৃত্যু হয়।এবং ২ বছরের শিশু সন্তানের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।

নিহত পুতুলের বাবা মোহাম্মদ আলী বলেন, পিন্টুর সাথে পরকীয়া প্রেমের কারণেই আমার মেয়ে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে আমার ধারনা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া বলেন, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *