সিংগাইরে অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ১দিনের অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ ও সমাজসেবা অফিস। গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার বকচর(মিস্ত্রী পাড়া) থেকে শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান-বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ওই এলাকার মৃত রাজু মিয়ার বাড়ির প্রবেশ মুখে কে বা কারা শিশু বাচ্চাটি রেখে যায়। রেখে যাওয়ার পর শিশুটি কান্না করতে থাকে। গৃহকত্রী মধু মালা কান্নার শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে খুঁজতে থাকে। এক পর্যায় বাড়ির প্রবেশ মুখে কম্বল পেঁচানো অবস্থায় শিশুটি দেখতে পেয়ে উদ্ধার করেন।  বিষয়টি রাতেই জানাজানি হলে বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।

পরে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ও সমাজসেবা কর্মকর্তা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজসেবা অফিসের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক সমাজ সেবা অফিসে গিয়ে সমাজসেবা কর্মকর্তা মো.ইমানুর রহমান এর উপস্থিতিতে শিশুটি যেখানেই থাকুক বরন পোষণ বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন-থানা জিডি করে শিশুটির মা,বাবা খুঁজে বের করার চেষ্টা করা হবে। না পেলে সেভ হোমে দিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *