সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক আর নেই

নিজস্ব প্রতিবেদক:  চলে গেলেন সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ।

পলাশ জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন দেওয়ান হাবিব৷ দীর্ঘ মেয়াদে চলছিলো চিকিৎসা। সবশেষ রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিদ্দিকুর রহমান পলাশ আরও জানান, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি।

এছাড়া নাটক প্রযোজনার সাথেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজকও ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে সিনেসাংবাদিক থেকে শুরু করে নাটক সিনেমার মানুষরাও শোক প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *