কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ তারেক সরকার (৪০) ও মোঃ পলাশ কবির(৪২)।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর প্রধান কার্যালয়ে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গ্রেফতারকৃত মোঃ তারেক সরকার একজন চাকুরীচ্যুত সেনাবাহিনীর সদস্য। ২০০৬ সালে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরবর্তীতে তিনি তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকুরী নেন। প্রায় ১৪ বছর তিনি কারা অধিদপ্তরে চাকুরী করার সুবাদে বিভিন্ন অপরাধীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং তিনিও নানা অপরাধ ও প্রতারণামূলক কাজে জড়িয়ে পড়েন। এই প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস থেকে ভুয়া মোবাইল সিম এবং অনলাইনে বিভিন্ন উৎস থেকে তথাকথিত ডিভাইস সিম সংগ্রহ করে বিভিন্ন সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম পদবী ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতেন।
এই একাউন্ট এর মাধ্যমে তিনি বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন । এসব ঘটনায় বিভিন্ন মহল থেকে র্যাবের নিকট অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে র্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৪ মে রাতে নরসিংদী সদর থেকে প্রতারক তারেক সরকারকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি মোতাবিক পরবর্তীতে তার সহযোগী মোঃ পলাশ কবির কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, উচ্চপদস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তার ছবি ও একাধিক সিম উদ্ধার করা হয়।
