নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আপনারা হিন্দু ধর্মের লোকজন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৪ কোটি টাকা অনুদান চেয়েছেন, তিনি আপনাদেও জন্য ৫ কোটি টাকা দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায়, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে তিনি দেশ গড়তে চান। তিনি বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, অনেকেই ইউরোপের দেশগুলোর মতো উন্নত বাংলাদেশ গড়ার কথা বলেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশই থাকবে, বরং অন্যান্য দেশ একদিন এই বাংলাদেশকে অনুসরণ করবে।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের সরকার, এই সরকার জনবান্ধব সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, র্যাবের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
