এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে মৎস্য সংরক্ষণ অভিযানে প্রায় দেড়-শতাধিক নিষিদ্ধ জাল (চায়না দোয়াইর) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর তীরবর্তী এলাকার ভাগ্যকুলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।
শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে এই অভিযান চালায়।
জানা গেছে, ভাগ্যকুল এলাকায় অভিযানের খবর পেয়ে নিষিদ্ধ জাল সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পরে। এদিন ভাগ্যকুলে একটি টিনশেড ঘর থেকে প্রায় দেড় শতাধিক নিষিদ্ধ ফাঁদ/জাল জব্দ করা হয়। পরে উপজেলার দেউলভোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের সহকারী প্রকল্প পরিচালক নূরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব রহমান, শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলামসহ কোস্ট গার্ড ও আনসার সদস্যবৃন্দ ।
