এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে এজমালী রাস্তায় বাঁশ ও নেটের বেড়া দিয়ে পাঁচ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব নাগরভাগ এলাকায় বাড়ীতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠে ঐ এলাকার আঃলীগ নেতা আক্কাছ আলী মাদবর ও তার ছেলেদের বিরুদ্ধে। ওই পাঁচ পরিবার বর্তমানে বাড়ী থেকে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। রাস্তা বন্ধ করায় আশপাশের আরও কয়েক পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। ফলে এই পরিবারের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে বাঁশ ও নেটের বেড়া। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব নাগরভাগ গ্রামে বিল্লাল শেখ ও তার ভাইয়েরা এজমালী বাড়ীতে বসবাস করেন। লিখিত অভিযোগে বিল্লাল শেখ বলেন, প্রতিবেশী মৃত ইজ্জত আলী মাদবরের ছেলে আঃলীগ নেতা আক্কাছ আলী মাদবরের সাথে দীর্ঘ ১৩ বছর যাবৎ তাদের তিন দাগের এজমালী সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। মামলা চলমান থাকাবস্থায় বিভিন্ন সময়ে আমাদের পরিবারকে মারধরের হুমকি দিয়ে আসছে আক্কাস আলী মাদবরগং এবং এজমালী সম্পত্তি দিয়ে বাড়ীতে প্রবেশের রাস্তায় বাঁশ ও নেটের বেড়া দিয়ে বন্ধ করে দেয় তারা। গত ২বছর পূ্র্বে ভুক্তভোগী পরিবার রাস্তার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করলে চেয়ারম্যান বলে দেন, যতদিন মামলার নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত এই রাস্তায় উভয়ে চলাচল করবে। আদালতে মামলা থাকাবস্থায় ও চেয়ারম্যানকে অমান্য করে আক্কাস আলী ও তার ছেলে নাহিদ ও নাঈমগং আমাদের বাড়ীতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এব্যাপারে অভিযুক্ত আক্কাস আলী মাদবর বলেন, আমি আমার জায়গায় বেড়া দিয়েছি। এই রাস্তায় ইউনিয়ন পরিষদের কোন বরাদ্দ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
