নিজস্ব প্রতিবেদক. করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউন বাস্তবায়ন করতে ঈদ পরবর্তী প্রথম দিনে মাঠে তৎপর রয়েছেন প্রশাসন। এ সময় বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ৩০টি মামলা দিয়ে ৩০জনকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারের বিধি-নিষেধ লঙ্ঘন করায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে ও করোনা সংক্রমন রোধে আগামী ৫ আগষ্ট রাত ১২ ঘটিকা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
