নিজস্ব প্রতিবেদক. করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউন বাস্তবায়নে ঈদ পরবর্তী দ্বিতীয় দিনে মাঠে তৎপর রয়েছেন প্রশাসন।
ঢাকার দোহারে লকডাউন অমান্য করে অপ্রয়োজনে বের হওয়ার অপরাধে ৪৮ জনকে জরিমানা দন্ড আরোপ এবং ২৩টি যানবাহন আটক করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া বাজার, লটাখোলা বাজার, থানার মোড়, দোহার বাজার ও মেঘুলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ও বিজিবি সদস্যগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ কার্যকর করতে ও করোনা সংক্রমন রোধে আগামী ৫ আগষ্ট রাত ১২টা পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সরকারি এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
