যেসব ভুলের কারণে পুরুষের প্রতি আগ্রহ হারায় নারী

লাইফস্টাইল ডেস্ক: প্রেমের সম্পর্কে আছেন অথচ কিছু দিন পর পর সঙ্গীর সঙ্গে অশান্তি চলে। ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের ভেতর ঝগড়াঝাটি হয়। মনে মনে হয়তো ভাবছেন কী ভুল হলো, কিন্তু সেই ভুলের কারণ খুঁজে পাচ্ছেন না। বুঝতেও পারছেন না, প্রেমিকা কেন আপনার প্রতি রেগে আছেন, কেন তার সঙ্গে সম্পর্ক ক্রমেই এগোচ্ছে অবনতির পথে।

সম্পর্ক নষ্ট হওয়ার যন্ত্রণা নারী-পুরুষ দুজনেই পেয়ে থাকেন। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরা সমস্যার মূলে পৌঁছতে পারেন না! ফলে সমাধান খুঁজে পাওয়ার আগেই মূল্যবান সম্পর্ক হারিয়ে বসেন। মনোবিদদের মতে, যেসব ভুল করলে নারীদের কাছে আকর্ষণ হারান তাদের পুরুষ সঙ্গীরা।

চলুন সেই কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:

আবেগের অভাব: জীবন সব সময় সমানভাবে চলে না। ওঠাপড়া লেগেই থাকে। একজন নারী প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে আশ্রয় খোঁজেন তাঁর পুরুষসঙ্গীর কাছে। সেই সময় তিনি যদি মানসিকভাবে পাশে থাকতে না পারেন, তবে সঙ্গীর সম্পর্কে মনে বিরাগ জন্মাতে পারে। শুধু তা-ই নয়, মনোবিদেরা বলছেন, এমন ঘটনা একাধিক বার ঘটলে মানসিকভাবে পুরুষ সঙ্গীর থেকে সরে যেতে থাকেন নারী।

সমর্থনের অভাব: রোজই নানা ঘটনা ঘটে জীবনে। তা নিয়ে নানা রকম মতামতও তৈরি হয় মনে। দিনের শেষে সেই সব মনে হওয়া সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে হতেই পারে এক জন মহিলার। কিন্তু পুরুষসঙ্গী তার মতামতকে গুরুত্ব না দিয়ে যদি অবহেলা করেন বা তার অবস্থানবিন্দু থেকে তার বক্তব্য অনুভব না করেন, তবে নারী সঙ্গীর মনে হতেই পারে, সম্পর্কে তিনি একা বা সম্পর্কটিই অসম্পূর্ণ।

সঙ্গীর সাফল্যে নিরাপত্তাহীনতা: যে কোনো সম্পর্কেই এক জন অন্যের সাফল্যে খুশি হন। সাফল্যকে উদ্‌যাপন করেন। কিন্তু পুরুষ সঙ্গীটি যদি তার সঙ্গিনীর সাফল্যে খুশি না হন, তবে তাঁর প্রতি আগ্রহ হারান নারীরা।

দাবিয়ে রাখার চেষ্টা: যদি পুরুষসঙ্গী নিজেকে উঁচু বা বড় দেখাতে চান, মহিলা সঙ্গীকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, তবে নারীরা আগ্রহ হারান। শুধু তা-ই নয়, সঙ্গীর সঙ্গে দূরত্বও তৈরি হতে পারে ওই কারণে।

নারীসুলভ নরম স্বভাব: পৌরুষ জাহির করেই যাঁরা নারীমন জয় করতে চান, তাঁরা জেনে রাখতে পারেন, পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘নারীসুলভ’ নরম স্বভাবেরও আশা রাখেন নারীরা। কোমল, সংবেদনশীল মনোভাব, সব সময় না হলেও মাঝে মধ্যে আবেগের বহিঃপ্রকাশ পছন্দ করেন তারা।

ধারাবাহিকতা না থাকা: আজ আবেগে গলে পড়লেন। কাল কোনও কথার গুরুত্বই দিলেন না। পরশু হয়তো কোনও কারণে দুর্ব্যবহার করলেন। কাছের মানুষটির আচরণে এমন ধারবাহিকতার অভাব আপনার মহিলা সঙ্গীকে দূরে নিয়ে যেতে পারে। কে কী ভাবতে পারে, সে ব্যাপারে পুরুষ সঙ্গীর বেপরোয়া ভাবও তাকে নারীদের চোখে অনাকর্ষণীয় করে তুলতে পারে।

উল্লেখ্য, অবশ্য সব পুরুষের ক্ষেত্রে বা সব সম্পর্কের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলোর বাইরেও সমস্যা থাকতে পারে। সেগুলো একান্তভাবেই ব্যক্তিবিশেষের ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *