মুন্সীগঞ্জে নিজ ঘর থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আব্দুল জব্বার (২৭) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জলিল চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা যায়, আব্দুল জব্বারের সঙ্গে তার স্ত্রীর বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। তার স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করার পর রমজানের ঈদের পর আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপরও তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।
শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন আব্দুল জব্বার। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *