মুন্সিগঞ্জে সালিশে তিনজন হত্যা মামলায় ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিশে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার নারীসহ ছয়জনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে নারীকে তিনদিন ও অন্য পাঁচজনকে পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেয়া হয়।

রোববার (২৮ মার্চ) সকালে আমলি আদালত-১ এর বিচারক চিপ জুডিশিয়াল মেজিস্ট্রেট কাজি কামরুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে তিনজনকে হত্যার অভিযোগে গত শুক্রবার ১২ জনের নাম উল্লেখসহ ২৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. জামাল হোসেন (৫২) ও তার স্ত্রী নাসরিন বেগম (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রনি (৩২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২২)।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিমান্ডে আসামিদের জবানবন্দি নেয়া হবে। এতে মামলার দ্রুত অগ্রগতি হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ভালো ফলাফল পাওয়া যাবে।’

প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিকালে উত্তর মুন্সিগঞ্জের ইসলামপুর এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। সেখানে সৌরভ, অভি, সিহাব পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন, মো. সাকিব হোসেন ও মিন্টু প্রধানের। সবার বাড়ি উত্তর ইসলামপুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *