নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর পরিচালিত বিশ্বসাহিত্য কেন্দ্র বাস্তবায়িত দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প এর নবাবগঞ্জ ইউনিট এর পক্ষ থেকে গত ২৪শে আগস্ট রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মতিউর রহমান। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করায় ভ্রাম্যমাণ লাইব্রেরি নবাবগঞ্জ ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ডি এন কলেজের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল আলম। এছাড়া কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষকমণ্ডলী, কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাছির, দপ্তর সম্পাদক বাদলসহ অনুষ্ঠানে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এর পাঠক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
কলেজ ক্যাম্পাসে আকাশ মনি, জলপাই, কদম, কদবেল, জাতিবেল সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় এবং উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। লাইব্রেরি কর্মকর্তা ওবায়দুল্লাহ ওবায়েদ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা অনুষ্ঠানটি সফল করতে সহোযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরি নবাবগঞ্জ ইউনিট দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ এর মোট ৪৫ টি স্পটে লাইব্রেরি সেবা প্রদান করে থাকে। প্রতিমাসে বই পড়ার পাশাপাশি অনেক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লাইব্রেরির পক্ষ থেকে।
