দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। শুরুতেই উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিংয়ে পথ সভায় আবু আশফাক বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার সূরগঞ্জ এলাকায় গিয়ে আবারও পথ সভা করেন।
এসময় আবু আশফাক বলেন, আওয়ামীলীগ সরকার রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকার মানুষের সকল অধিকার খর্ব করেছে। বিএপির নেতা কর্মীরা এই সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে৷ শুধু তাই নয় আমাদের নেতা কর্মীদের গুম, হত্যা করা হচ্ছে। এখন থেকে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আর প্রতিবাদ নয় বিএনপি এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
আশফাক আরো বলেন, আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই আন্দোলন সাধারণ মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। সেই সাথে আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন।
এসময় বিক্ষোভ মিছিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মামুন, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, যুগ্ম সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিজানুর রহমান, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান পবন, দোহার উপজেলা যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান, ঢাকা জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম অমিত, দোহার উপজেলা ছাত্রদল নেতা আলমগীর, সেলিম, রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
