ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর তিন চাকার ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই দুই ব্যক্তি হলেন কচাকাটা থানার সরকার টারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)। সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার (২১ জানুয়ারি) সকাল ৮.৪৫ মিনিটের দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে পিতা- পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী টু সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌছে একটি তিন চাকার নম্বর প্লেট ও রেজিঃ বিহীন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনা স্থলেই মারা যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় মৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *