মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে সান তুলা মিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বিকেলে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা আকাশে উঠে যায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিছু তুলা বের করতে সক্ষম হলেও অধিকাংশই পুড়ে যায়। এ সময় খবর দেওয়া হলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পাশের খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের নিকটতম স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে থাকায় দেরিতে পৌঁছায়, ফলে বড় ক্ষতির মুখে পড়তে হয়। তাই তারা অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জোর দাবি জানান। তুলার মিলের স্বত্বাধিকারী আলম হোসেন বলেন, “মেশিনে ফায়ারিংয়ের কারণে আগুন লাগে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।” নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিষয়টি আগামী জেলা উন্নয়ন সভায় উত্থাপন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা করার জন্য আবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
