মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দশটি ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের ২০ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “পতিত জমিকে আবাদে আনলে শুধু ফসল উৎপাদনই বাড়বে না, গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।” প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দীপ জন মিত্র কৃষকদের উদ্দেশে বলেন, “মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
