বন্ধুত্বের আড়ালে শত্রু! যেভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক: জীবনে ভালো বন্ধু পাওয়া সত্যিই সৌভাগ্যের। সুখে-দুঃখে পাশে থাকা, আনন্দ ভাগ করে নেওয়া কিংবা বিপদে সাহস জোগানো-বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর করে তোলে এসব বিষয়। তবে সবাই যে আন্তরিকতা নিয়ে বন্ধুত্ব করে, তা নয়। অনেক সময় কাছের বন্ধু হিসেবে পরিচিত কেউ এমন আচরণ করেন, যা ধীরে ধীরে সম্পর্কের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট করে দেয়।

ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটি-এর রিসার্চ কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে বন্ধুর বেশে থাকা শত্রুর আচরণ নিয়ে ডাইজেস্টে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এমন পাচঁটি আচরণ সম্পর্কে।

১. প্রয়োজন ছাড়া যোগাযোগ করেন না

কিছু মানুষ কেবল নিজের প্রয়োজনেই বন্ধুর খোঁজ নেন। কখনো কোনো কাজের সাহায্য, কখনো ব্যক্তিগত সুবিধা কিংবা সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করেন। কিন্তু আপনার প্রয়োজনের সময় তাদের আর পাওয়া যায় না।

একটি সুস্থ বন্ধুত্বে দুজনেরই একে অপরের প্রতি আন্তরিকতা থাকা জরুরি। সম্পর্কের সব দায়িত্ব যদি একজনকেই পালন করতে হয়, তাহলে সেই বন্ধুত্বের ভারসাম্য নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।

২. আপনার সাফল্যে খুশি হতে পারেন না

প্রকৃত বন্ধু সাধারণত আপনার ভালো খবর শুনে আনন্দিত হন। কিন্তু কেউ যদি প্রতিবার আপনার অর্জনকে ছোট করে দেখান, অন্যের সাথে তুলনা করেন কিংবা সাফল্যের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে বিষয়টি উদ্বেগের হতে পারে।

অনেক সময় হিংসা বা প্রতিযোগিতামূলক মনোভাব থেকে এমন আচরণ দেখা যায়। তবে একবার অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখালেই কাউকে ঈর্ষান্বিত মনে করা উচিত নয়। নিয়মিত এমন আচরণ হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

৩. ব্যক্তিগত কথা গোপন রাখতে পারেন না

বন্ধুত্বের অন্যতম ভিত্তি বিশ্বাস। নিজের ব্যক্তিগত সমস্যা, অনুভূতি কিংবা গোপন কোনো বিষয় বন্ধুর সঙ্গে ভাগ করে নেওয়ার সময় আমরা আশা করি, তিনি তা অন্যদের জানাবেন না।কিন্তু কেউ যদি আপনার অনুমতি ছাড়া বারবার ব্যক্তিগত কথা অন্যদের কাছে প্রকাশ করেন, তাহলে সেই সম্পর্কের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।

অবশ্য কারও নিরাপত্তা বা গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে প্রয়োজনীয় তথ্য উপযুক্ত ব্যক্তির সাথে ভাগ করার যৌক্তিক কারণ থাকতে পারে। তবে সাধারণ ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যের কাছে আলোচনা করা বিশ্বাসের জন্য ক্ষতিকর।

৪. মজার ছলে বারবার অপমান করেন

বন্ধুদের মধ্যে হাসিঠাট্টা স্বাভাবিক। কিন্তু মজার নামে কাউকে ছোট করা, দুর্বলতা নিয়ে বিদ্রূপ করা কিংবা অন্যদের সামনে বিব্রত করা সুস্থ বন্ধুত্বের লক্ষণ নয়।

বিশেষ করে আপনি কোনো আচরণে কষ্ট পাওয়ার কথা জানানোর পরও যদি বন্ধু একই কাজ চালিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার অনুভূতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।ভালো বন্ধুত্বে হাসিঠাট্টার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা জরুরি।

৫. বিপদের সময় পাশে থাকেন না

আনন্দ, আড্ডা কিংবা ঘুরে বেড়ানোর সময় অনেককেই পাশে পাওয়া যায়। কিন্তু কঠিন পরিস্থিতিতে কে কতটা আন্তরিক, তা অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে।একজন বন্ধুর পক্ষে আপনার সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে বিপদে খোঁজ নেওয়া, মানসিক সমর্থন দেওয়া কিংবা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা আন্তরিকতার পরিচয় বহন করে।

কেউ ব্যক্তিগত ব্যস্ততা বা নিজের সমস্যার কারণে সব সময় পাশে থাকতে না-ও পারেন। কিন্তু বারবার আপনার কঠিন সময় এড়িয়ে চললে সম্পর্কটি নিয়ে নতুনভাবে ভাবতে পারেন।

কী করবেন এমন পরিস্থিতিতে?

কোনো বন্ধুর আচরণে কষ্ট পেলে প্রথমেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত না নিয়ে তার সাথে খোলামেলা কথা বলুন। নিজের অনুভূতি জানান এবং কোন আচরণে আপনি অস্বস্তি বোধ করেন, তা স্পষ্ট করুন।এরপরও একই ধরনের আচরণ চলতে থাকলে নিজের মানসিক শান্তির জন্য কিছুটা দূরত্ব বজায় রাখা যেতে পারে।

মনে রাখবেন, বন্ধুত্বের গভীরতা শুধু একসাথে সময় কাটানোর ওপর নির্ভর করে না। বিশ্বাস, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং বিপদে পাশে থাকার মানসিকতাই একটি সুন্দর বন্ধুত্বের প্রকৃত ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *