প্রবাসীর মাসহ তিনজনকে হত্যায় স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় এক প্রবাসীর বাড়িতে মা ও ভগ্নিপতিসহ তিনজনকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মিশরাত জাহান নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন।

মিশরাত কুয়েত প্রবাসী আব্দুর রবের স্ত্রী। শনিবার ভোরে উপজেলার সলিয়াবাকপুর গ্রামে রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭৫), ভগ্নিপতি সফিকুল আলম (৬০) ও খালাত ভাই ইউসুফের (৩২) লাশ উদ্ধার হয়।

মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও তাদের হত্যা করা হয় বলে সন্দেহ করে পুলিশ। শনিবার দুপুরে ওই বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করে যাওয়া জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তারের পর পুলিশের কাছে রহস্যের দ্বার খোলে।

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, জাকিরের পর রাতে জুয়েল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তারা রোববার সন্ধ্যার পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসীর স্ত্রী মিশরাতকে গ্রেপ্তার করা হয়েছে।”

রাতের কোনো এক সময় ওই তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ সুপার জানান।

ঘটনার সময় দুই সন্তানসহ মিশরাত জাহান এবং তার ভাতিজি আছিয়া আক্তার বাড়িতেই ছিলেন। কিন্তু তারা কিছুই টের পাননি বলে দাবি করে আসছিলেন।

পুলিশ সুপার সাইফুল বলেন, কুয়েত প্রবাসী আব্দুর রবের একতলা ভবনটি নির্মাণ কাজের রাজমিস্ত্রী ছিলেন জাকির। এর মধ্য দিয়ে প্রবাসীর পরিবারের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এছাড়া তিনি এলাকায় ঝাড়ফুঁকের কাজও করেন। ওই বাড়িতে তার যাওয়া-আসা ছিল।

তদন্তের স্বার্থে জবানবন্দির বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *