নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাকারী রাজাকারদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। প্রথম পর্যায়ের ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। এসময় মোজাম্মেল হক বলেন, “আমরা প্রথম পর্যায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছি। ভবিষ্যতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা রাজাকার-আল বদর নামে সশস্ত্র বাহিনী গঠন করে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছিল। চলতি বছরের ১৬ ডিসেম্বরের আগে তাদের নামের তালিকা প্রণয়ন করা ছিল আমাদের প্রতিশ্রুতি। সংসদেও এবিষয়ে কথা বলেছিলাম। এরই আলোকে তালিকাটি প্রকাশ করা হয়েছে।”
