নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়। এনিয়ে কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ড. পার্থ সরকার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, মুস্তাকিম (২৩), আবু সাঈদ (১৬), রাজ্জাক (৪৫)। এর আগে ১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় ৩০ জনকে। এদের মধ্যে ১৭ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি যারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক বার্ণ ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্ত লাল সেন।
