নোয়াখালীর এসপি বদলি

নোয়াখালী প্রতিনিধি; নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *