মো. সুজন হোসেন, বিশেষ প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার করমআলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় বরফকলসহ পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২ জন জেলেকে ইলিশ ধরায় আটক করা হয়। পাশাপাশি আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামক ৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ৪টি বরফকলে সর্বমোট ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।
মা ইলিশ রক্ষা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম, কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এস আই নাজমুল হোসেন,এএসআই শহিদুল ইসলাম প্রমুখ। আগামী ০৩ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
