নাজমুল হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের যড়যন্ত্র থামতেই চায় না। রবিবার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর ৫নং ওয়ার্ডবাসী আয়োজিত কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না । কারণ দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে। কোন অপশক্তি ষড়যন্ত্র করে নির্বাচনের বানচাল করতে পারবে না।
আওয়ামী লীগের উপদেষ্টা বলেন, বিএনপি নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ তা রুখে দিয়েছে৷। বিএনপি এখন অসহযোগ আন্দোলন করছে যা হাস্যকর৷
দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এসময় তিনি নৌকার জন্য ভোট চান।
এমপি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর বিএনপি এটা সহ্য করতে পারছে না। আগুন দিয়ে দেশের মানুষ পোড়াচ্ছে। আগুন সন্ত্রাসীদের এখনই রুখে দেওয়ার সময়।
দিন ব্যাপী এমপি নয়নশ্রী ইউনিয়নে তাশুলা বাংলাবাজার, খানেপুর উচ্চ বিদ্যালয়, দেওতলা প্রাইমারী স্কুল, যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়, যন্ত্রাইল প্রাথমিক বিদ্যালয়ের মত বিনিময় সভা করে।
সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে সালমান এফ রহমান বড়দিন উপলক্ষে হাসনাবাদ জপমালা রানীর গীর্জায় উপস্থিত হয়ে খ্রীষ্টধর্মাবলম্বীদের সাথে বড়দিনের কেক কেটে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু , নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সিনিয়র সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম নাদিম, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান কেএম মনিরুজ্জামান তুহিন, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, সাবেক চেয়ারম্যান বাবু নন্দলাল সিং, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
