নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সকাল সাড়ে দশটার দিকে দোহার-ঢাকা-শ্রীনগর সড়কের মালিকান্দা অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে একাধিক লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেয়। এসময় তারা বিভিন্ন ধরণের শ্লোগাণ দিতে থাকে। সড়ক অবরোধ করে রাখায় সকল যানবাহন বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে প্রতিটি বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকার ও জেব্রা ক্রসিংসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না এমন আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য যে, গত ৯ই জানুয়ারি মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ইজিবাইকের ধাক্কায় মারা যায় ফাস্ট গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. সাজিদ হোসেন (১১) । এঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। সাজিদের মৃত্যুর এক দিন পরেই ১১ই জানুয়ারি দুবলি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার মেশকাত শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৭) ইজিবাইক থেকে পড়ে গুরুত্বর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সড়ক দুর্ঘটনায় গত এক সপ্তাহে পর পর দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে সরব হয়ে ওঠে দোহারের স্কুল কলেজের শিক্ষার্থীরা।
