স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, ঘর থেকে বের হবেন না। কারো ঘরে খাদ্য না থাকলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ তো বলতে পারবেন না যে ত্রাণ পাননি। সবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দিয়েছেন। তাই প্রয়োজন ছাড়া কারো বাড়িতেও যাবেন না।
করোনা ভাইরাসের এ দুর্দিনে সকলের উচিত দেশের স্বার্থে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের ঘরে থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া। আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে নিজের দায়িত্ব নিজে নিবেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামের বাসিন্দা, ইতালির ভেনিস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর ঢাকা সমিতির (ইতালি, ভেনিস) সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল নাছিরের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খাদ্যসামগ্রী নিতে আসা মানুষদের উদেশ্যে বলেন, কখনো প্রয়োজন ছাড়া বের হবেন না। আমি ব্যক্তিগত ভাবে কোনো সভা সমাবেশ বা ত্রাণ বিতরণকালে লোক সমাগম হতে দিচ্ছি না। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা আপনাদের কাজ করবেন। মনে রাখবেন, ঈদ আসবে। জীবন বাঁচলে মার্কেটও করতে পারবেন। তাই মার্কেটেও যাবেন না। প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব নিজেকে নেয়া।
সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, আলু, ডাল, তেল, সেমাই, পিঁয়াজ, চিনি ইত্যাদি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবদ্দিন আহমেদ, ঢাকা জেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, আওয়ামীলী নেতা সাজ্জাদ হোসেন, বারুয়াখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামীম খাঁন, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম নাহিদ, স্থানীয় সমাজকর্মী মো. স্বপন, শেখ আব্দুর রহমান, শেখ সেলিম, রবিউল ইসলাম, শেখর বিন প্রমূখ।
